মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবের কাছে প্রথমবারের মতো বড় অংকের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। চুক্তির অনুযায়ী রিয়াদকে ৬৫ কোটি মার্কিন ডলার মূল্যের আকাশ থেকে আকাশে নিক্ষোপযোগ্য ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে ওয়াশিংটন। গত জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর উপসাগরীয় এই দেশটির কাছে এবারই প্রথম বড় অংকের অস্ত্র বিক্রির অনুমোদন দিল বাইডেন প্রশাসন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার (৪ নভেম্বর) স্থানীয় সময় বিকালে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন বিবৃতির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে।
বিবৃতিতে পেন্টাগন জানায়, সৌদি আরবের বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। প্রস্তাবিত এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিমালার ও জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা বন্ধু রাষ্ট্র সৌদি আরবের নিরাপত্তার উন্নতিতে এটি ব্যাপক সহায়তা করবে।
মধ্যপ্রাচ্যে সৌদি আরব দীর্ঘদিন যাবত ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ অংশীদার হলেও ইয়েমেনে হামলা ও দেশটিতে সৃষ্ট মানবিক সংকটের কারণে মার্কিন রাজনৈতিক ব্যক্তিত্বরা প্রায়ই রিয়াদের সমালোচনা করে আসছে। এর আগে গেল জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর সৌদির কাছে অস্ত্র বিক্রি স্থগিত করাসহ ইয়েমেন ইস্যুতে রিয়াদের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন জো বাইডেন।
বিশ্লেষকদের মতে, বেসামরিক মানুষের বিরুদ্ধে কখনোই মার্কিন অস্ত্র ব্যবহার করা হবে না- এ নিশ্চয়তার দাবি করে যুক্তরাষ্ট্র এতদিন সৌদি আরবের কাছে সামরিক ক্রয়-বিক্রয় স্থগিত রেখেছিল। কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতির আর কোনো পরিবর্তন বা উন্নতি ঘটেনি। মূলত এসব বাস্তবতাকে সামনে রেখে মাত্র কয়েক মাসের মাথায় ফের দেশটির কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিল বাইডেন প্রশাসন।
অবশ্য বৃহস্পতিবার বেশ কয়েকটি টুইট বার্তায় মার্কিন পররাষ্ট্র দফতরের ব্যুরো অব পলিটিকাল-মিলিটারি অ্যাফেয়ার্স জানিয়েছিল, এই ক্ষেপণাস্ত্রগুলো ভূমিতে আক্রমণের ক্ষেত্রে কখনোই ব্যবহার করা হবে না।
আল-জাজিরার প্রতিবেদক জানান, মধ্যম পালার এআইএম-১২০সি-৭/সি-৮ মডেলের আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইলগুলো সৌদি আরবের কাছে ৬৫ কোটি মার্কিন ডলারে বিক্রি করছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় পাঁচ হাজার ৫৭৭ কোটি টাকা। এছাড়া ম্যাসাচুসেটসভিত্তিক প্রতিষ্ঠান রেথিওন এসব মিসাইল বিক্রির প্রধান ঠিকাদার হতে পারে বলেও উল্লেখ করা হয়।
পেন্টাগনের দাবি, গত বেশ কয়েক বছরে সৌদি আরবে আন্তঃ সীমান্ত আক্রমণ বৃদ্ধি পেয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। ফলে দেশটিতে থাকা মার্কিন বাহিনী ও ৭০ হাজারের বেশি যুক্তরাষ্ট্রের নাগরিক ঝুঁকিতে পড়েছেন। যদিও এসব ক্ষেপণাস্ত্র আন্তঃ সীমান্ত হামলা থেকে সৌদিকে নিরাপদে রাখতে সহায়তা করবে।
এ দিকে অস্ত্র বিক্রি ইস্যুতে বাইডেন প্রশাসনের এই অনুমোদনের পর মার্কিন কংগ্রেসে আলাদা করে এর অনুমোদন নেওয়ার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছে আল-জাজিরা। যদিও আইনপ্রণেতারা চাইলেই সিনেট এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভে একটি অসম্মতি বিল পাসের মাধ্যমে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি প্রতিহত করতে পারবেন।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের সেপ্টেম্বর মাসে হেলিকপ্টার রক্ষণাবেক্ষণের জন্য সৌদি আরবের সঙ্গে ৫০ কোটি মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর করেছিল যুক্তরাষ্ট্র।